মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রোববার (১৯ জুলাই) হঠাৎ বৈশ্বিক বিভ্রাট দেখা দিয়েছে। দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ, লগইন এবং নিউজফিড ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন।
ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, অনেকেই ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না। কারও ক্ষেত্রে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট স্বাভাবিকভাবে লোড হচ্ছে না, আবার অনেকের নিউজফিড আপডেট না হওয়ায় নতুন পোস্ট দেখা যাচ্ছে না। ফলে স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে।
অনলাইন সেবা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টর-এর তথ্যেও একই চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহার করতে না পারার অভিযোগ দ্রুত বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই হাজার হাজার ব্যবহারকারী বিভ্রাটের তথ্য জানান।
তবে বিভ্রাটের প্রকৃত কারণ সম্পর্কে মেটা এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। একই সঙ্গে সমস্যাটি কত দ্রুত সমাধান হবে, সে বিষয়েও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো সময়সীমা জানানো হয়নি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের বৈশ্বিক বিভ্রাট সাধারণত সার্ভার, নেটওয়ার্ক বা সফটওয়্যার আপডেটজনিত কারিগরি সমস্যার কারণে ঘটে থাকে। তবে মেটার আনুষ্ঠানিক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।