‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ময়মনসিংহের ভাষা শহীদ আব্দুস জব্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড-এর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. মুহাম্মদ মফিজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল।

বক্তারা বিজ্ঞানমনস্ক সমাজ গঠন, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং তরুণ প্রজন্মকে গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। দেশের টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ উদ্ভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘ব্রহ্মপুত্র গ্রুপ’ প্রথম স্থান অর্জন করে। দলের সদস্য মুবাশশিরা হারুন নুহিন, সাফিয়া আক্তার এবং সাইদা সামিহা আরুয়া প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলার পৃষ্ঠপোষকতা করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, বিজ্ঞান অনুরাগী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।