নরসিংদী সদর হাসপাতালের ২০২৫-২৬ অর্থবছরের এমএসআর (MSR) সামগ্রী ক্রয়ের ই-টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও শর্ত ভঙ্গের অভিযোগে নরসিংদীর সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. বুলবুল কবিরের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। পাবলিক প্রকিউরমেন্ট রুলস (PPR)-২০২৫ লঙ্ঘন করে নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়ায় এক ঠিকাদারের করা রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
গত ৩ মে (রোববার) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। প্রকাশিত ই-টেন্ডার বিজ্ঞপ্তিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিগত ১৬ এপ্রিল (রেফারেন্স নম্বর: D.S.H/NAR/D.S.W/AD/2025-26/453) ছয়টি টেন্ডার আইডির আওতায় (১২৫৬৫৫৬ থেকে ১২৫৬৫৬১) এমএসআর সামগ্রী ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়। টেন্ডারের একাধিক শর্ত পিপিআর-২০২৫ এর বিধি ৬৬-এর সাথে সরাসরি সাংঘর্ষিক।
নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করা হয়েছে যা সাধারণ দরপত্রদাতাদের জন্য আর্থিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি করে এবং উন্মুক্ত প্রতিযোগিতার পথ রুদ্ধ করে।
এদিকে ৫ বছরের অডিট রিপোর্ট (DVC Report), নির্দিষ্ট তারিখে ব্যাংক স্থিতি হিসেবে ১ কোটি ৮০ লক্ষ টাকা থাকা এবং একাধিক লটে অংশগ্রহণের বিপরীতে অতিরিক্ত ভ্যাট ও কর জমার প্রমাণ চাওয়ার মতো বিষয়গুলোকে বিধি-বহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দাবি করা হয়েছে।
জানা যায়, সিভিল সার্জন ডা. বুলবুল কবির এর আগে মেহেরপুর সদর হাসপাতালে তত্বাবধায়ক হিসেবে কর্মরত থাকাকালীনও ওষুধ টেন্ডার বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। অভিযোগ উঠেছে, মেহেরপুরের জনৈক ঠিকাদারকে বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যেই তিনি নরসিংদীতে বদলি হয়ে আসেন এবং একই সাথে সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দ্বৈত দায়িত্ব গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, পূর্ব পরিচিত ওই ঠিকাদারকে কাজ পাইয়ে দিতেই তিনি দরপত্রে এমন সব কঠিন শর্ত জুড়ে দিয়েছেন যা সাধারণ ব্যবসায়ীদের অংশগ্রহণে বাধা সৃষ্টি করে।
আদালতের এই রুল জারির ফলে নরসিংদী সদর হাসপাতালের ওষুধ ও সরঞ্জামাদি ক্রয় প্রক্রিয়া এখন আইনি চ্যালেঞ্জের মুখে। এই বিষয়ে হাসপাতাল বা সিভিল সার্জন কার্যালয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয় ঠিকাদার ও সচেতন মহলের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনিয়মের অভিযোগে নরসিংদী সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল