লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাকচর ইউনিয়নের ফরাজি বাড়ি এলাকার মো. বাহার হোসেনের ছেলে মো. হাসান ওরফে শান্ত (৩০) এবং একই এলাকার মো. আলামের ছেলে মো. শরিফ (২৬)।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হাসানের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি চাইনিজ কুড়াল, একটি কালো বেসবল ব্যাট, একটি টিপ ছুরি এবং একটি নীল জিপারের ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া শরিফের কাছে থাকা একটি নীল জিপারের ভেতর থেকে আরও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে।