গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই (সোমবার) নরসিংদী সদর উপজেলার মাধবদী হাটে অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়-বিক্রয়, সংরক্ষণ এবং মজুদের বিরুদ্ধে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায় যে, হাটের খোলা মাঠে প্রকাশ্যে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল ক্রয়-বিক্রয় চলছিল।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ জাল ব্যবসায়ী বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। তবে তাৎক্ষণিক অভিযানে ৩ (তিন) জন জাল বিক্রেতা ও সংরক্ষণকারীকে আটক করা সম্ভব হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট আইন অনুযায়ী আটককৃত ৩ (তিন) জনের নিকট থেকে সর্বমোট ৭১,০০০ (একাত্তর হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়, যা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর এবং উপজেলা মৎস্য অফিসার, নরসিংদী সদর এর উপস্থিতিতে মৎস্যসম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং আইনশৃঙ্খলা নিশ্চিতকরণে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নং রোড সংলগ্ন খোলা স্থানে জব্দকৃত সকল অবৈধ জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে উপজেলা মৎস্য অফিস, নরসিংদী সদর, র্যাব, মাধবদী থানা পুলিশ ও ব্যাটেলিয়ান আনসার সার্বিক সহযোগিতা প্রদান করেন। সকল মামলায় প্রসিকিউশন প্রদান করেন রওনক জাহান, উপজেলা মৎস্য অফিসার, নরসিংদী সদর।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল।