ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ যাতে অন্য দেশে যেতে না পারে, তা ঠেকাতেও কাজ করছে বিজিবি।
রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন তিনি। পরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধে বিজিবি কাজ করছে। বিশেষ করে পুশ-ইন ঠেকানো, মাদক পাচার বন্ধ এবং সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ প্রতিরোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সীমান্ত পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে তিনি ফেনী, কুমিল্লা ও আখাউড়া পরিদর্শনে এসেছি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।’ সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্ণেং রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিজিবি মহাপরিচালক।
এদিকে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। সকালে বিজিবি মহাপরিচালক কুমিল্লা সেক্টর সদর দপ্তরে যান এবং কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত নজরদারি কার্যক্রম ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন।
পরবর্তীতে তিনি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন এবং সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে নিরাপত্তা ব্যবস্থা, টহল কার্যক্রম ও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে বিজিবি মহাপরিচালক সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। সেখানে তিনি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সীমান্তের স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্ত অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পুশ ইন প্রতিরোধ সহ বিতর্কিত ব্যক্তিবর্গ প্রবেশ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় অপারেশনাল ও প্রশাসনিক দিকনির্দেশনা প্রদান করেন। মহাপরিচালকের এ পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সমূহের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।