ময়মনসিংহ নগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ্জামানকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনার পর এবার গণপিটুনিতে মেহেদী হাসান (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। সুরুজ্জামান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে আটক করে পিটুনি দেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান নগরীর বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। সুরুজ্জামান হত্যাকাণ্ডে জাহাঙ্গীর ও তাঁর পরিবারের সদস্যদের জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন সুরুজ্জামান। পথে কয়েকজন দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তাঁকে বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সুরুজ্জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।
সুরুজ্জামানের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার বলেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগপন্থী একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তাঁর ভাইয়ের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম, তাঁর ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
এদিকে সুরুজ্জামান হত্যার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রোববার রাতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পরে হত্যাকাণ্ডে অভিযুক্ত সন্দেহে মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদী হাসানকে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার পর গণপিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।