সন্ধ্যা ঘনিয়ে আসতেই একে একে জ্বলে উঠল ঘৃত প্রদীপ। কারও হাতে জ্বলন্ত প্রদীপ, কারও ঠোঁটে প্রার্থনা, আবার কারও চোখে ভক্তি আর আবেগের অশ্রুসজল ঝিলিক।

আপন মনে প্রার্থনা শেষে জ্বলন্ত প্রদীপগুলো একে একে পুকুরের পানিতে ভাসিয়ে দিচ্ছেন ভক্তরা। মুহূর্তেই অন্ধকার পানির বুকে ছড়িয়ে পড়ল আলোর মেলা। পুকুরজুড়ে সারি সারি ভাসমান প্রদীপের আলোয় তৈরি হলো এক অপার্থিব দৃশ্য। শান্ত পুকুরে হালকা বাতাসে দুলতে থাকা ছোট ছোট আলোর শিখা যেন ছড়িয়ে দিচ্ছিল শান্তি, পবিত্রতা আর শুভকামনার বার্তা।
কেউ হাতজোড় করে প্রার্থনা করছেন, কেউ অপলক তাকিয়ে দেখছেন পানিতে ভেসে চলা প্রদীপের সারি। কারও কাছে এটি ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদনের মুহূর্ত, কারও কাছে জীবনের সব অন্ধকার দূর করে আলোর পথে ফেরার এক আবেগময় প্রতীক। এমনই এক ভক্তিময় ও মায়াবী পরিবেশের সৃষ্টি হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানে।

শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে ঘৃত প্রদীপ প্রজ্বালন ও পুকুরে ভাসানোর এ আয়োজন। শ্রী হরিনাম সংকীর্তন ও কার্তিকায় যজ্ঞ মহোৎসবের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন শত শত ভক্ত। প্রদীপ জ্বালিয়ে পুকুরে ভাসানোর পাশাপাশি পুরো সময়জুড়ে চলে প্রার্থনা ও ধর্মীয় সংগীত। ভক্তদের পাশাপাশি বিভিন্ন বয়সী দর্শনার্থীরাও ভিড় করেন এ আলোকময় দৃশ্য দেখতে।

পুকুরের পানিতে ভাসতে থাকা প্রদীপগুলো দূর থেকে মনে হচ্ছিল ছোট ছোট আলোর নৌকা। পানির ঢেউয়ে কখনো একটি প্রদীপ আরেকটির কাছাকাছি চলে আসছে, কখনো আবার দূরে সরে যাচ্ছে। কিন্তু প্রতিটি প্রদীপের শিখা যেন নিজের মতো করে আলো ছড়িয়ে যাচ্ছে চারপাশে। পুকুরের চারপাশে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন দর্শনার্থীরা। কারও হাতে মুঠোফোন, কেউ আবার মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করার চেয়ে চোখের স্মৃতিতে ধরে রাখতেই বেশি ব্যস্ত। সব মিলিয়ে প্রদীপের আলো, প্রার্থনার আবহ আর ভক্তদের আবেগে শান্তিবন মহাশ্মশান হয়ে ওঠে এক অনন্য মিলনস্থল।

আয়োজকদের ভাষ্য, ঘৃত প্রদীপ প্রজ্বালন ও পুকুরে ভাসানোর এ আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ভক্তদের বিশ্বাস, আত্মিক প্রশান্তি ও জীব-জগতের মঙ্গল কামনা। প্রতিটি প্রদীপ যেন মানুষের মনের অন্ধকার দূর করে শুভবোধ জাগিয়ে তোলার এক প্রতীকী নিবেদন।

শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণের সাধারন সম্পাদক আশীষ ব্রহ্মচারী বলেন, ‘জীব ও জগতের কল্যাণ কামনায় বৃহস্পতিবার থেকে শান্তিবন মহাশ্মশানে শুরু হয়েছে শ্রী হরিনাম সংকীর্তন ও কার্তিকায় যজ্ঞ মহোৎসব। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এ মহোৎসব চলবে। উদ্বোধনী দিনে জনপ্রিয় ভক্তিমূলক সংগীত দল ‘টিম বৃষ্টি’ সংগীত পরিবেশন করে। এরপর থেকে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে উঠেছে সেবাশ্রম প্রাঙ্গণ।’

মহোৎসবকে ঘিরে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভক্তদের সমাগম ঘটছে। তবে শনিবারের ঘৃত প্রদীপ প্রজ্বালন ও পুকুরে ভাসানোর আয়োজনটি যেন উৎসবের আবেগে যোগ করেছে ভিন্ন মাত্রা। অন্ধকার পুকুরের বুকে শত শত প্রদীপের আলোয় তৈরি হওয়া দৃশ্য মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশের অন্ধকার আরও গাঢ় হয়েছে, অথচ পুকুরের বুকে জ্বলতে থাকা প্রদীপগুলো ছড়িয়েছে আলোর উজ্জ্বলতা। একসময় হয়তো নিভে যাবে প্রতিটি শিখা, মিলিয়ে যাবে পানির বুকে তৈরি হওয়া আলোর মেলা। কিন্তু ভক্তদের প্রার্থনা, বিশ্বাস আর আবেগের সেই মুহূর্ত রয়ে যাবে স্মৃতিতে। শান্তিবনের পুকুরে ভাসানো প্রদীপগুলো যেন নীরবে বলে গেল—অন্ধকার যত গভীরই হোক, একটু আলোই পারে মানুষের মনে জাগাতে আশা, শান্তি ও ভালোবাসা।

আয়োজনে যুক্ত থাকা অশীষ বিশ্বাস বলেন, ‘এ বছর অনেক ভক্ত হয়েছে। আশ্রমের দু’টি মাঠজুড়ে ভক্তরা বসেন। প্রদীপ প্রজ্জলন শেষে প্রসাদ বিতরণ করা হয়।’