ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লিচু, কাঁঠাল, পেয়ারা, লটকন ও মাল্টার পর এবার চাষীরা ঝুঁকছেন “দার্জিলিং” ও ‘চায়না’ জাতের কমলা চাষে।
সাম্প্রতিক বছরগুলোতে বিজয়নগরের চাষীরা বাণিজ্যিকভাবে “দার্জিলিং” ও “চায়না” জাতের কমলা চাষ করছেন। অল্প পুঁজিতে অধিক লাভ এবং রোগবালাই তুলনামূলকভাবে কম হওয়ায় দিন দিন বাড়ছে কমলা বাগানের সংখ্যা। বাগান থেকেই পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন কমলা।
শীত আসার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগরের লালমাটির টিলা ও সমতল বাগানগুলো এখন সেজেছে এক অপরূপ সাজে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকা থোকা রসালো কমলা।
এক সময় যে ফলটিকে কেবল সিলেট, মৌলভীবাজার কিংবা বিদেশি আমদানির ওপর নির্ভরশীল ভাবা হতো, সেই কমলাই এখন বিজয়নগরের মাটিতে ফলছে ব্যাপক আকারে। রসে ভরপুর আর মিষ্টতায় অনন্য হওয়ায় স্থানীয় এই কমলা ইতোমধ্যেই সাধারণ ক্রেতা ও পাইকারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর মৌসুমী ফলের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। বিজয়নগর উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, চম্পকনগর ও সিংগারবিল ইউনিয়নের লালমাটি মূলত লিচু, কাঁঠাল, পেয়ারা, লটকন ও মাল্টা চাষের জন্য প্রসিদ্ধ।
গত কয়েক বছর ধরে বানিজ্যিকভাবে শুরু হয়েছে কমলা চাষ। অল্প পুঁজিতে অধিক লাভ এবং রোগবালাই তুলনামুলকভাবে কম হওয়ায় দিন দিন বাড়ছে কমলা বাগানের সংখ্যা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভ্রমন পিয়াসুরা আসেন কমলা বাগান দেখতে। তারা বাগান থেকে কমলা কিনে নিয়ে যাচ্ছেন।
বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সফল কমলা চাষী মোঃ খোকন মিয়া, বলেন, আমি দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকরি করতাম। ২০১৪ সালে দেশে ফিরে আসি। তারপর ২০২১ সালে ৪০ শতক জমিতে কমলার চারা রোপণ করি। প্রথম দিকে কমলা চারা রোপন করতে দেখে প্রতিবেশীরা অনেকেই হাসাহাসি করেছিল, ঠাট্টা-মজা করতো। তিনি বলেন, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বাগানে জৈব সার ব্যবহার আর সঠিক পরিচর্যা করার তৃতীয় বছর থেকেই গাছে কমলা ধরতে শুরু করে। তিনি বলেন, বর্তমানে বাগানের প্রতিটি গাছে ৩০০ থেকে ৪০০টি করে কমলা ধরেছে। আমার উৎপাদিত কমলা বাগান পাইকাররা অগ্রিম টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আশাকরি কমলা বিক্রি করে ৪ লাখ টাকা লাভ হবে।
এদিকে প্রতিদিনই শহর ও দূর-দূরান্ত থেকে ভ্রমনপিয়াসুরা দল বেঁধে যাচ্ছেন কমলার বাগানের সৌন্দর্য উপভোগ করতে। অনেকে বাগান ঘুরে নিজ হাতে তাজা কমলা পেড়ে কিনে নিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিজয়নগরের খোকন মিয়ার কমলা বাগানে ঘুরতে যাওয়া শিক্ষক মেহেরুন্নেছা সুমি বলেন, “ফেসবুকে বিজয়নগরের কমলা বাগানের ছবি দেখে বিশ্বাসই হচ্ছিল না যে আমাদের জেলার মাটিতে এত সুন্দর কমলা চাষ হয়। বাগানে এসে গাছ ভর্তি থোকা থোকা কমলা দেখে মন ভরে গেল। এখানকার কমলাগুলো বাজারের কেনা কমলার চেয়ে অনেক বেশি মিষ্টি ও রসালো। বাচ্চাদের নিয়ে দারুণ একটি সময় কাটালাম। বাড়ির জন্যও ৫ কেজি কমলা কিনে নিয়ে যাচ্ছি।
দর্শনার্থীরা তারিন আক্তার রুমি বলেন বিজয়নগর এলাকাটার সুন্দর পরিবেশ মন ভাল করে দেয়ার মত। কমলা বাগানে এসে খুব ভাল লেগেছে।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ড.মোস্তফা এমরান হোসেন বলেন, বিজয়নগরের লাল মাটি ও এখানকার আবহাওয়া সাইট্রাস জাতীয় ফল যেমন,মাল্টা ও কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমরা শুরু থেকেই কৃষকদের উন্নত মানের রোগমুক্ত চারা সরবরাহ, ডাল ছাঁটাই এবং জৈব বালাইনাশক ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আসছি। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এভাবে চাষ সম্প্রসারিত হতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে বিজয়নগর দেশের অন্যতম প্রধান কমলা উৎপাদনকারী অঞ্চল হিসেবে স্বীকৃতি পাবে।
