চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সুগার ইউনিটের বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন) প্রকল্পে স্পেয়ার পার্টস কেনাকাটার প্রস্তাব ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র ১০ দিনের ব্যবধানে যন্ত্রাংশ কেনার প্রস্তাবিত ব্যয় ৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬ কোটি টাকা নির্ধারণ করায় ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা, প্রয়োজনীয়তা ও মূল্য নির্ধারণের পদ্ধতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
একই সঙ্গে প্রকল্পের কাজ শেষ হওয়ার পর দুই বছরের ওয়ারেন্টি চলাকালে নতুন করে বিপুল অর্থের যন্ত্রাংশ কেনার উদ্যোগ এবং উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণের বিষয়টিও বিতর্ক তৈরি করেছে। এসব অভিযোগের তদন্ত চেয়ে শিল্প সচিবের দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নানা প্রতিকূলতা পেরিয়ে কেরু চিনিকলের সুগার ইউনিটের বিএমআর প্রকল্পের কাজ শেষ হয়। ২০২৫-২৬ মাড়াই মৌসুমের শেষ পর্যায়ে বর্ধিত সক্ষমতায় চিনি উৎপাদনও শুরু হয়। তবে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় স্পেয়ার পার্টস সরবরাহ করতে পারেনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল থেকে যন্ত্রাংশের মূল্য বাবদ ২ কোটি ৫৪ লাখ টাকা কেটে রাখা হয়।
এরপরও একই খাতে নতুন করে অর্থ বরাদ্দ চাওয়ায় প্রশ্ন উঠেছে। সূত্রের দাবি, ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে বরাদ্দ না থাকলেও গত ১৮ আগস্ট কেরু কর্তৃপক্ষ সদর দপ্তরে ৩ কোটি টাকার একটি প্রস্তাব পাঠায়। মাত্র ১০ দিনের ব্যবধানে ৩১ আগস্ট সেই প্রস্তাব সংশোধন করে ৬ কোটি টাকা নির্ধারণ করা হয়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে এই বর্ধিত প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রস্তাব পাঠাতে বিলম্বের অভিযোগে কেরুর মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহাকে শোকজও করা হয়।
ওয়ারেন্টি চলাকালে কেন নতুন যন্ত্রাংশ কেনা?
বিএমআর প্রকল্পের কাজ চলতি বছরের ৩০ জুন শেষ হয়েছে। চুক্তি অনুযায়ী প্রকল্পের যন্ত্রপাতিতে দুই বছরের ওয়ারেন্টি রয়েছে। এ সময় যন্ত্রপাতিতে কোনো ত্রুটি দেখা দিলে তা মেরামত কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের।
এমন পরিস্থিতিতে ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে বিপুল অর্থের যন্ত্রাংশ কেনার উদ্যোগ কেন নেওয়া হচ্ছে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে কারিগরি দলের সুপারিশ, বর্তমান মজুত এবং প্রকৃত প্রয়োজন যাচাই ছাড়া এ ধরনের ক্রয় উদ্যোগ সরকারি অর্থের অপচয়ের ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ প্রকৌশলী বলেন, তিন কোটি টাকার প্রস্তাব কী কারণে ছয় কোটি টাকায় উন্নীত হলো, সে বিষয়ে সদর দপ্তর থেকে যথাযথ ব্যাখ্যা চাওয়া হয়নি। তালিকাভুক্ত কিছু যন্ত্রাংশ আগামী পাঁচ থেকে সাত বছরেও প্রয়োজন নাও হতে পারে।
কেরুর চাহিদা অনুযায়ী যন্ত্রাংশের তালিকা পাওয়ার কথা স্বীকার করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী মাহমুদুল হক। তবে তিনি জানিয়েছেন, তালিকাটি এখনো যাচাই করা হয়নি।
ডিপিএম পদ্ধতিতে ক্রয় অনুমোদন নিয়েও প্রশ্ন
অভিযোগ রয়েছে, কেরু কর্তৃপক্ষের পাঠানো প্রস্তাব যথাযথভাবে যাচাই না করেই করপোরেশনের বোর্ডকে পাশ কাটিয়ে জিটুজি (সরকার-টু-সরকার) পদ্ধতির যুক্তি দেখিয়ে ডিপিএম পদ্ধতিতে ক্রয়ের অনুমোদন নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, প্রস্তাবিত যন্ত্রাংশ বিএমটিএফ কিংবা মূল প্ল্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের তৈরি নয়। সাব-কন্ট্রাক্টর নিউটেক ইন্টারন্যাশনালের স্থানীয় বাজার থেকে এসব যন্ত্রাংশ সংগ্রহ করে সরবরাহ করার কথা। এ প্রক্রিয়ায় নিউটেক ইন্টারন্যাশনাল ও পরিচালক মো. সাইদুর রহমানের যোগসাজশের মাধ্যমে ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে শিল্প সচিবের দপ্তরে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
এ ছাড়া করপোরেশনের উৎপাদন ও প্রকৌশল বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে কারিগরি অনুমোদনের জন্য তিন শতাংশ পর্যন্ত কমিশন দাবির অভিযোগও করেছেন কয়েকজন ঠিকাদার। তাঁদের দাবি, দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখা হয়। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা
অভিযোগের বিষয়ে মো. সাইদুর রহমান বলেন, বোর্ডসহ ঊর্ধ্বতন পর্যায়ের পরামর্শেই ডিপিএম পদ্ধতিতে ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে করপোরেশনের অপর এক পরিচালক দাবি করেছেন, এ বিষয়ে বোর্ডে কোনো আলোচনা হয়নি।
নিউটেক ইন্টারন্যাশনালের সঙ্গে যোগসাজশের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাইদুর রহমান বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তিন কোটি টাকার প্রস্তাব কীভাবে ছয় কোটি টাকায় উন্নীত হয়েছে, সে বিষয়েও তাঁর জানা নেই বলে জানান তিনি।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, স্পেয়ার পার্টস কেনার বিষয়ে সবকিছু সদর দপ্তর তথা প্রকৌশল শাখার নির্দেশনা অনুযায়ী করা হয়েছে। তবে যন্ত্রাংশগুলো এখনো কেনা হয়নি। তাঁর ভাষ্য, এটি ১২ বছর আগের একটি প্রস্তাব ছিল। তখন মূল্যায়নে ব্যয় ধরা হয়েছিল ৩ কোটি টাকা। বর্তমানে নতুন করে মূল্যায়ন করায় তা ৬ কোটি টাকা হয়েছে।
তিনি বলেন, ডলারের দাম ও যন্ত্রাংশের মূল্য বেড়েছে। সে কারণে নতুন মূল্যায়নে ব্যয় দ্বিগুণ হয়েছে। প্রস্তাবটি সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে যাচাই-বাছাইয়ের পর বোর্ড সভায় অনুমোদন হলে যন্ত্রাংশ কেনা হবে।
অন্যদিকে কেরুর যান্ত্রিক বিভাগের দায়িত্বে থাকা ইসমাইল হোসেন মোল্লা বলেন, প্রথমে আনুমানিক মূল্য ধরে তিন কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। পরে সদর দপ্তরের প্রতিনিধি, কারখানার প্রতিনিধি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একসঙ্গে বসে যন্ত্রাংশের দাম যাচাই করেন। সব খরচ যুক্ত করে ছয় কোটি টাকার প্রস্তাব করা হয়েছে।
তবে টেকনিক্যাল কমিটির মাধ্যমে যন্ত্রাংশের প্রয়োজনীয়তা ও বাজারদর যাচাই না করে তিন পক্ষের প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে মূল্য নির্ধারণের কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
নিরপেক্ষ তদন্তের দাবি
কেরু বিএমআর প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক ফিদা হাসান বাদশা বলেন, চিনিকলগুলোর যন্ত্রাংশ কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অর্থের অপচয় কিংবা তছরুপ যাতে না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। তা না হলে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা কঠিন হবে, ক্ষতিগ্রস্ত হবে দেশের চিনি শিল্পও।
সংশ্লিষ্টদের মতে, পুরো ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে তিন কোটি টাকার প্রস্তাব ছয় কোটিতে উন্নীত করার কারণ, যন্ত্রাংশের প্রকৃত চাহিদা, বাজারদর, বর্তমান মজুত, দুই বছরের ওয়ারেন্টির শর্ত, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা এবং ডিপিএম পদ্ধতিতে অনুমোদন নেওয়ার প্রক্রিয়া খতিয়ে দেখা প্রয়োজন।
শিল্প সচিবের দপ্তরে দেওয়া অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত হলে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের পাশাপাশি সরকারি অর্থের সম্ভাব্য অপচয় রোধ এবং ক্রয়প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে দায়ীদের শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।