রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা: মাঠে ফসল ফলিয়েও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। উৎপাদন খরচ, শ্রম ও পরিচর্যায় বিপুল অর্থ ব্যয় করার পরও কয়েক দফা হাতবদলের কারণে কৃষকেরা পান না পণ্যের প্রকৃত মূল্য। অন্যদিকে একই পণ্য ভোক্তাদের কিনতে হয় তুলনামূলক বেশি দামে। কৃষক ও ভোক্তার মধ্যকার এই ব্যবধান কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। সংস্থাটির উদ্যোগে চুয়াডাঙ্গার জীবননগরের কৃষকেরা এখন মধ্যস্বত্বভোগীদের ছাড়াই ঢাকার বাজারে সরাসরি তাঁদের উৎপাদিত ফল ও সবজি বিক্রির সুযোগ পাচ্ছেন।

আশার কৃষি উইংয়ের ‘মার্কেট লিংকেজ’ কার্যক্রমের আওতায় জীবননগরসহ দেশের বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি ঢাকার ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এর ফলে প্রচলিত বিপণনব্যবস্থার কয়েকটি ধাপ এড়িয়ে কৃষকেরা নিজেরাই পণ্য বিক্রি করতে পারছেন। এতে কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি ভোক্তারাও তুলনামূলক সাশ্রয়ী দামে তাজা কৃষিপণ্য কেনার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এ কার্যক্রমে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থা করে দেয় আশা। ঢাকায় পণ্য বিক্রির জন্য বাজারসংযোগ তৈরি, বিক্রয়কেন্দ্রের ব্যবস্থা এবং বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করেন সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, এ বাজারসংযোগ তৈরির জন্য কৃষকদের কাছ থেকে কোনো সার্ভিস চার্জ বা অর্থ নেওয়া হয় না।

ঢাকার প্রাণকেন্দ্র মানিক মিয়া অ্যাভিনিউয়ের শেরেবাংলা নগর কৃষকের বাজারে নির্ধারিত স্টলে আশার সঙ্গে যুক্ত কৃষকেরা সরাসরি তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন। এ ছাড়া সংস্থাটির প্রধান কার্যালয়ের পশ্চিম গেটসংলগ্ন খালি জায়গায় কৃষিপণ্য বিক্রির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমেও কৃষকদের উৎপাদিত ফল ও সবজি বিক্রিতে সহযোগিতা করা হচ্ছে।

গত মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় দুই কৃষকের বাগানে গিয়ে দেখা যায়, তাঁরা পরিচর্যার কাজে ব্যস্ত। এ সময় কৃষকেরা জানান, গত অক্টোবরে স্থানীয় বাজারে প্রতি কেজি ড্রাগন ফল বিক্রি হচ্ছিল ৮০ টাকায়। কিন্তু আশার সহযোগিতায় ঢাকায় নিয়ে গিয়ে সেই ড্রাগন ফল প্রতি কেজি ১৯০ টাকায় বিক্রি করতে পেরেছেন তাঁরা। এতে তাঁদের লাভের পরিমাণ বেড়েছে বলে জানান কৃষকেরা।

আশার মার্কেট লিংকেজ অফিসার (কৃষি) জসিম উদ্দিন বলেন, জীবননগরে এ কার্যক্রমের সার্বিক বিষয় দেখভাল করছেন কুষ্টিয়া টেরিটরি ম্যানেজার (কৃষি) মো. আব্দুর খালেক ও আন্দুলবাড়ীয়া-১ শাখার ম্যানেজার নাসির উদ্দিন। তাঁরা সরাসরি কৃষকদের সঙ্গে যোগাযোগ করেন এবং মধ্যস্বত্বভোগীর সহায়তা ছাড়াই উৎপাদিত ফসল ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করেন।

তিনি বলেন, ‘কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং তাঁদের বাজারজাতকরণে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য।’

আশার চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আব্দুর খালেক বলেন, ‘ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের শেরেবাংলা নগর কৃষকের বাজারে নির্ধারিত স্টলে আশার কৃষকেরা সরাসরি তাঁদের পণ্য বিক্রি করতে পারেন। এ ছাড়া আমাদের প্রধান কার্যালয়ের পশ্চিম গেটসংলগ্ন স্থানে এবং ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমেও কৃষকদের পণ্য বিক্রির সহযোগিতা করা হয়। এ কার্যক্রমে কৃষকদের কাছ থেকে কোনো ধরনের সার্ভিস চার্জ নেওয়া হয় না। আমরা চাই, কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান এবং আর্থিকভাবে লাভবান হন।’

কৃষিপণ্যের বিপণনব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদক ও ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরির এ উদ্যোগ স্থানীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে এ কার্যক্রম কতটা বিস্তৃত হচ্ছে এবং দীর্ঘমেয়াদে কতসংখ্যক কৃষক এর সুফল পাচ্ছেন, তা নির্ভর করবে বাজারসংযোগের ধারাবাহিকতা ও বিক্রয়ব্যবস্থার সম্প্রসারণের ওপর।