‘স্মার্ট কৃষক, সমৃদ্ধ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনতে ‘কৃষক কার্ড’ নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার চাঁনগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।
উদ্বোধনের পর প্রতীকীভাবে ছদ্দু মিয়া নামে এক কৃষকের তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা কৃষকদের উদ্দেশে কৃষক কার্ডের সুবিধা, নিবন্ধন পদ্ধতি এবং সরকারি কৃষিসেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, কৃষি প্রশিক্ষণ, তথ্যসেবা এবং অন্যান্য সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন। এ কারণে প্রকৃত কৃষকদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করে কৃষক কার্ড সংগ্রহের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কৃষকেরা বলেন, কৃষি খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে সরকারি সেবা আরও স্বচ্ছ, সহজ এবং দ্রুত কৃষকের কাছে পৌঁছাবে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও কৃষিবান্ধব বলে অভিহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকুর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, সাবেক ভাইস চেয়ারম্যান এম এ সোহাগ, চাঁনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান আঞ্জু, মদন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. সাকের খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে কৃষক কার্ড কার্যক্রম সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং নিবন্ধনে আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।