নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নেত্রকোনার মদন উপজেলায় কর্মরত সাংবাদিকেরা। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে মদন-কেন্দুয়া সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি নূরুল হক রনুর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাকের খানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি নিজাম উদ্দিন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক ও খোলা কাগজের প্রতিনিধি আলী আজগর পনির, অর্থ সম্পাদক ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নূর মুহাম্মদ জরিপ এবং সম্মানিত সদস্য ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি জাকির হোসেন চৌধুরীসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে নূরুল হক রনু বলেন, নিহত সাংবাদিক আগেই তাঁকে গুলি করে হত্যার হুমকির বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন বলে তাঁরা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, এ ঘটনায় অপূর্ব নামের একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁরা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করার দাবি জানান।
সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কর্মসূচিতে সাংবাদিকেরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।