ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা।

​আটককৃতরা হলেন— কক্সবাজার সদর থানার লাইট হাউজ পাড়ার মৃত সৈয়দ আমীনের মেয়ে নুরন্নাহার বেগম (৫০) এবং চকরিয়া থানার ফুলছড়ি এলাকার নুরুল আলমের মেয়ে তসলিমা আক্তার (৩৫)।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থেকে একটি ভাড়া করা সিএনজি অটোরিকশা যোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ফেনীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে গত ১ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:৩৫ মিনিটে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল ফেনী সদর থানার ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।

​তল্লাশিকালে সন্দেহভাজন সিএনজি অটোরিকশাটিকে থামার সংকেত দেওয়া হলে, ভেতরে যাত্রীবেশে বসে থাকা ওই দুই নারী তড়িঘড়ি করে তাদের সাথে থাকা কাপড়ের ব্যাগ ও শপিং ব্যাগ রেখে পালানোর চেষ্টা করেন। এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে নুরন্নাহার ও তসলিমাকে আটক করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
​
​গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।