সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় দুটি লিখিত অভিযোগ জমা পড়েছে। শনিবার রাতে পৃথকভাবে অভিযোগ দুটি দায়ের করা হয় বলে পুলিশ জানিয়েছে।
থানা সূত্রে জানা যায়, আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম পৃথকভাবে অভিযোগ জমা দেন। অভিযোগে তারা দাবি করেন, একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও অশোভন মন্তব্য করা হয়েছে।
অভিযোগকারীরা সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ-উল ইসলাম বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের কার্যক্রম যাচাই করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের সত্যতা, পোস্টের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তির সম্পৃক্ততা যাচাইয়ের জন্য প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে।
ডিজিটাল মাধ্যমে প্রকাশিত কোনো বক্তব্য আইন লঙ্ঘন করেছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।