সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৩ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২০ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীন পদ্মশাখরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল ও আভিযানিক দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ওষুধ জব্দ করে।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে জব্দ হওয়া চোরাচালানি পণ্যের একাংশ।

পদ্মশাখরা বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা ভাঙারমুখ এলাকা থেকে ২ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করে। কুশখালি বিওপি সদর উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে।

এছাড়া তলুইগাছা বিওপি আমবাগান এলাকা থেকে ৩ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা, কাকডাঙ্গা বিওপি কেড়াগাছি এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা, মাদরা বিওপি রাজপুর এলাকা থেকে ৬ লাখ টাকা, হিজলদী বিওপি বড়ালি এলাকা থেকে ১ লাখ ৩৩ হাজার ২০০ টাকা এবং চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া এলাকা থেকে ২ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করে।


অন্যদিকে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সদর উপজেলার গোবিন্দকাটি এলাকা থেকে ৩ লাখ ৩৬ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা এসব মালামাল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মোট মূল্য ২২ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের রাজস্ব সুরক্ষা এবং স্থানীয় শিল্পের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।