গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ছিনতাই মামলার জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. নুর নবী ওরফে খোকা বাবু (৩০)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা (বুড়ির মোড়) এলাকায় বসবাস করছিলেন।
এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) অধ্যাদেশে দায়ের করা একটি প্রসিকিউশন মামলায় মো. কাওছার হোসেন (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হালুয়াঘাট উপজেলার কাচকিপাড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগরের সালনা করিমনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরজুড়ে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
