গাজীপুর মহানগরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) উত্তর। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক, দুটি লোহার রড ও একটি লোহার তৈরি দা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত ১টা ৩০ মিনিটের দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় ফ্লাইওভারের নিচে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
জিএমপির গোয়েন্দা বিভাগ উত্তর সূত্রে জানা যায়, সহকারী পুলিশ কমিশনার শাহীন আলীর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আবু বকর সিদ্দিক, এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমান, এএসআই মো. জাকির হোসেন ও এএসআই মো. মাজিদুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনিট্রাক আটক করে। পরে ট্রাক থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আমিনুল ইসলাম মোতালেব (৩৮), পিতা মো. শামছুল হক, বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়; এবং মো. পারভেজ (৫৮), পিতা মো. মোখলেছুর রহমান, বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়। তারা গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে দুটি লোহার রড, যার একটি এক পাশে চেপ্টানো ও বাঁকানো, একটি লোহার তৈরি দা এবং একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার করা আলামতগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আমিনুল ইসলাম মোতালেবের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা, একটি ডাকাতি মামলা, চারটি চুরি মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। অন্যদিকে, পারভেজের বিরুদ্ধে একটি মাদক মামলা ও দুটি সিআর মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার দুজন, একজনের বিরুদ্ধে একাধিক মামলা
গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, মিনিট্রাকসহ দেশীয় অস্ত্র উদ্ধার