ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৮হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

গত শনিবার রাতে জেলার কসবা উপজেলার কায়েমপুর এবং আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কসবা উপজেলার মাদলা গ্রামের মোঃ কবির হোসেনের ছেলে মোঃ সাকিব এবং কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সুরুজ আলীর ছেলে রাসেল মিয়া।

রোববার দুপুরে গনমাধ্যম কর্মীদের কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ কসবা কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাকিবকে গ্রেপ্তার করে।

একই রাতে অপর অভিযানে কসবা থানার পুলিশ কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের রাউৎখোলা গ্রামের একটি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯২ কেজি গাঁজা এবং ৮ হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পৃথক অভিযানে আশুগঞ্জ থানার পুলিশ শনিবার গভীর রাতে আশুগঞ্জ টোলপ্লাজায় অভিযান চালিয়ে ৭১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাসেল মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনায় কসবা ও আশুগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।