নরসিংদীর শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে অংশ নেন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা কর্মকর্তা মো. নাফিস শরীফ। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান।

উদ্বোধনী দিনে প্রকল্পের কার্যক্রমভিত্তিক ভিডিওচিত্র প্রদর্শন, অতিথিদের বক্তব্য এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগামী ১৮ জুন পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে উপজেলার নির্বাচিত প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহণ করছেন।

আয়োজকরা জানান, প্রকল্পটির মূল লক্ষ্য হলো প্রান্তিক ও ঐতিহ্যবাহী পেশাজীবীদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের গুণগত মান উন্নয়ন, বহুমুখী ব্যবহার, আধুনিকায়ন, বাজারজাতকরণ এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতির সঙ্গে সম্পৃক্ত করে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করা।

এছাড়া দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুগোপযোগী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, উদ্যোক্তা সৃষ্টি এবং প্রান্তিক পেশাজীবীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করাও প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণভিত্তিক দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগও সম্প্রসারিত হবে।

সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রকল্পটির আওতায় সারা দেশে প্রায় ৪ লাখ ২৭ হাজার প্রান্তিক ও আদিবাসী পেশাজীবীকে প্রশিক্ষণ, উৎপাদন সহায়তা, বিপণন সুবিধা এবং আর্থিক প্রণোদনা প্রদান করা হচ্ছে। কামার, কুমার, বাঁশ ও বেতশিল্প, কাঁসা-পিতলশিল্প, তাঁত, লোকজ বাদ্যযন্ত্র নির্মাণ, নকশিকাঁথা ও শীতলপাটি তৈরিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পেশার উন্নয়নে প্রকল্পটি কাজ করছে।