বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘Strategic Human Resource Management and Office Administration’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।
মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বাউবির টিচার্স কনফারেন্স হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিনির্ভর পরিবর্তনের এই সময়ে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন যথেষ্ট নয়; কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে নিয়মিত দক্ষতা উন্নয়ন ও নতুন জ্ঞান অর্জনের বিকল্প নেই।
উপাচার্য আরও বলেন, প্রশিক্ষণ কর্মদক্ষতা, নেতৃত্বগুণ, যোগাযোগ সক্ষমতা এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি সফট স্কিল উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম. আহমেদ হুসেইন। তিনি প্রশাসনিক কার্যক্রমে দক্ষ মানবসম্পদের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন বাউবির স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম ফকির। তাঁরা মানবসম্পদ ব্যবস্থাপনা, শিল্পসম্পর্ক ও কর্মসংস্থান কৌশল, কর্মক্ষেত্রে দ্বন্দ্ব নিরসন, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আধুনিক অফিস প্রশাসন, পেশাদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ দক্ষতা বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করেন।
সমাপনী অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসেন তালুকদার ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক এবং সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধ্যাপক ড. সায়মা আহমদ।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের যুগ্ম পরিচালক, উপপরিচালক ও সমপর্যায়ের মোট ৪১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং প্রশাসনিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সেবার মান আরও বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
