কৃষকদের মাঝে সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে ফরিদপুরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর একটি নতুন বাফার গুদামের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলার ধলার মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে গুদামটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সময়মতো ও পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। নতুন গুদামটি চালু হলে সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং কৃষকরা প্রয়োজন অনুযায়ী দ্রুত সার সংগ্রহের সুযোগ পাবেন।

বিসিআইসি সূত্রে জানা যায়, নতুন বাফার গুদামটি চালু হলে ফরিদপুরসহ আশপাশের জেলার সার সরবরাহ ব্যবস্থাপনা আরও সহজ হবে। এতে সার মজুত ও বিতরণ কার্যক্রমে গতি আসবে এবং চাহিদা অনুযায়ী দ্রুত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।

এ ছাড়া অনুষ্ঠানে বিসিআইসির প্রকল্প পরিচালক মনজুরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, গুদামটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হলে অঞ্চলের সার সরবরাহ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং কৃষি উৎপাদন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।