গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়াম-এ আগামী ১৮ জুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হবে।
টুর্নামেন্ট উপলক্ষে সোমবার বিকেলে স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, জেলার ফুটবলের বিকাশ, নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ডিএফএর আহ্বায়ক হান্না মিয়া হান্নু বলেন, প্রতিযোগিতামূলক ফুটবলের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার পাশাপাশি তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোর জন্য ২০ হাজার টাকা করে প্রাইজমানির ব্যবস্থা রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সময়সূচি, অংশগ্রহণকারী দল, পুরস্কার এবং আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এবারের টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করছে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর জেলা পরিষদ।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, টুর্নামেন্টটি জেলার ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে ভূমিকা রাখবে।
