গাজীপুর মহানগরের সালনা এলাকায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক শাহীন মাহমুদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা সাকিব মিয়া (৩৪) এবং কসবা উপজেলার বড়খোটা এলাকার বাসিন্দা নাজমুল মিয়া (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সালনা বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। ভোরে সন্দেহভাজন একটি মিনি ট্রাক সেখানে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তিনি বলেন, তল্লাশির সময় ট্রাকটির ভেতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য ও ব্যবহৃত যানবাহনটি জব্দ করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, মাদক পাচার ও মাদকবিরোধী কার্যক্রমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
