ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। এখন থেকে কথা বলার রাজনীতি, স্লোগানের রাজনীতি কিংবা হুমকি-ধামকির রাজনীতি আর বাংলাদেশে চলবে না। জাতীয় রাজনীতির পাশাপাশি ছাত্ররাজনীতিতেও সহনশীলতার চর্চা করতে হবে।

তিনি বলেন, “ছাত্রছাত্রীদের পালস বুঝতে হবে, তাদের আচার-আচরণ ও দাবি বুঝতে হবে। সেই অনুযায়ী কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি করতে হবে। যারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ছাত্রদল করছো, তারা শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে ছাত্ররাজনীতি করবে।”

সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম উবায়দুল হক।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে খালেদ হোসেন মাহবুব শ্যামল আরও বলেন, বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা মাদক। এ মাদক নির্মূলে তরুণ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সহপাঠীসহ সমাজের যারা মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে, তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে উদ্যোগী হতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজেদেরও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সফিকুল ইসলাম, এ বি এম মোমিনুল হক, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

নবীনবরণ অনুষ্ঠান শেষে অতিথিরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দক্ষিণ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। পরে তারা কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন। দুপুরে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।