অবশেষে কওমি ছাত্র ঐক্য পরিষদের সাথে “সমঝোতার” পর বিকল্প ভেনুতে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণের কনসার্ট।
সোমবার বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কনসার্টে সঙ্গীত পরিবেশ করেন জনপ্রিয় ব্যান্ড “হাইওয়ে”। প্রিয় ব্যান্ডের গান শুনতে ক্যাম্পাসে ঢল নামে শ্রোতাদের।

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩- (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা পরিষদ প্রশাসক মোঃ সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদেও সাথে “সমঝোতা বৈঠকে” বসে কলেজ কর্তৃপক্ষ।

বৈঠকে কলেজের প্রধান ক্যাম্পাসে নবীন বরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি এবং কোনো “অশ্লীলতা হবে না” শর্তে বিকল্প ভেনু হিসেবে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার দুপুরে কলেজের প্রধান ক্যাম্পাস প্রাঙ্গণে নবীনবরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ. কে. এম. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সফিকুল ইসলাম, এ.বি.এম. মোমিনুল হক, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন প্রমুখ।

পরে নবীনবরণ ও আলোচনা সভা শেষে কলেজের দক্ষিণ ক্যাম্পাস প্রাঙ্গণে কনসার্ট অনুষ্ঠিত হয়। যদিও আয়োজকরা এটিকে প্রথম থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান বলে আসছিল। কনসার্টে গান পরিবেশ করেন জনপ্রিয় ব্যান্ড “হাইওয়ে”। এছাড়া স্থানীয় শিল্পীরাও গান পরিবেশ করেন। গান শুনতে ক্যাম্পাসে শ্রোতাদের ঢল নামে।