ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন জলাশয় ও তিতাস নদীতে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। পরে আখাউড়া থানা পুকুর, আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুকুর এবং তিতাস নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদ ও মাছের উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনা ও মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান মজুমদার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বোরহান উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়াসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
