ময়মনসিংহের নান্দাইলে আচারগাঁও ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আচারগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইমাম ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. আবু কাজেম বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজে এবং স্বল্প খরচে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে গ্রাম আদালতের সেবা গ্রহণে উৎসাহিত করতে হবে।
ইউপি সদস্য মোহাম্মদ নূরুল্লাহ বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি হলে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমে আসে। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে জনপ্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সভাপতির বক্তব্যে মো. শফিকুর রহমান বলেন, গ্রাম আদালতকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য ও কার্যকর করে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনপ্রতিনিধি, কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালতের সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়।