ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌণে দুইটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে বক্সটিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন বক্সের ভেতরে প্রবেশ করতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, দুর্বৃত্তরা দুবলা এলাকায় ডাউন লাইনের সিগন্যালিং সংযোগ বক্সে (জেবি বক্স) আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে পৌঁছাতে পারেনি। ফলে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা সেখানে ছুটে যান। তবে সেখানে আগুন দেখা না গেলেও পুড়া অবস্থা বুঝা যায়।

এদিকে একইদিন গভীর রাতে পৌর এলাকার কলেজ পাড়ায় বিকট শব্দ হয়। এতে এলাকায় কিছু সময় আতঙ্ক ছিলো।