চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে শিল্প লবণ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিপণ্য তৈরি ও সংরক্ষণ এবং অননুমোদিত রং ব্যবহারের দায়ে মো. ওয়াজেদ আলী স্বপনের মালিকানাধীন মেসার্স ঢালী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বাসি ও পচা খাবার সংরক্ষণ করে খাবার তৈরির দায়ে মো. জসিম উদ্দীনের মালিকানাধীন জসিম হোটেলকে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করা ও মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে মো. মফিউল ইসলামের মালিকানাধীন মেসার্স জিহাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানকালে বেগমপুর বাজারের বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য ও ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।