মেহেরপুরের গাংনীতে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ৯৪ কেজির বেশি ওজনের শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার হিন্দা গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম। প্রতি কেজি কষ্টিপাথরের মূল্য এক লাখ টাকা হিসাবে এর আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৯৪ লাখ ২৫ হাজার টাকা।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুর রহমান ফয়েজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বিজিবি সদস্যরা উদ্ধারকৃত শিব লিঙ্গ টি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দপ্তরে নিয়ে গেছে। উদ্ধার করা শিবলিঙ্গটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে ৪৭ বিজিবির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।