ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ঘোষিত ১৫৪টি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৩১ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচনী কর্মকর্তা কামরুল ইসলামের ঘোষিত ফলাফল অনুযায়ী, দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৭ হাজার ৪৯৬। আসনটির মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৫৪টির ফল ঘোষণা করা হয়েছে। বাকি ৩১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হলে সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টায় ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়। সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার কেন্দ্রগুলোতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছিল। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়।
আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নির্বাচনে প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। বিএনপির মির্জা ফয়সল আমিন ও জামায়াতের দেলাওয়ার হোসেন ছাড়াও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক নির্বাচনে অংশ নিয়েছেন।
ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়। দিনের প্রথম ভাগে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। কয়েকটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি দায়িত্ব পালন করেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।