কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য ও কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই।
তিনি বৃহস্পতিবার সকাল এগারটার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। নিভৃতচারী সৎ সাহসী নির্ভীক সাংবাদিক আহমেদ গিয়াসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আহমেদ গিয়াস ছিলেন একজন নির্লোভ আর নিভৃতচারি সাংবাদিক। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত চট্টগ্রামের প্রাচীন পত্রিকা দৈনিক আজাদীর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাক, যায়যায়দিন পত্রিকাসহ একাধিক জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন।
তিনি দীর্ঘদিন স্থানীয় দৈনিক কক্সবাজার পত্রিকায় কর্মরত ছিলেন। সমুদ্রের বালুচর, বালুচরের সাগরলতা, সামুদ্রিক বর্জ্য, পাহাড়-পর্বত, পাখি আর বানরের জীবন যাপন নিয়ে গবেষণাধর্মী অসংখ্য রিপোর্ট করে তিনি পাঠক মহলে বেশ সমাদৃত হন। বড়ই অভাব অনটন নিয়ে জীবন কাটিয়েছেন এই সাংবাদিক।

কলাতলি দরিয়ানগরে একটি ছড়ার তীরে জীর্ণ শীর্ণ ঘরে থাকতেন তিনি। বিদায়ী একজন জেলা প্রশাসক তাকে একটি ঘর নির্মাণ করে দিতেও ইচ্ছা প্রকাশ করেছিলেন।
কিন্তু সাংবাদিকদের একটি পক্ষের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত সেই ঘর আলোর মুখ দেখেনি। সাংবাদিক গিয়াস ৩ পুত্র সন্তানের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক আহমেদ গিয়াসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।