কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া শান্ত (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা।
নিহত শান্ত ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

সৈকতে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম ঘটনার বিবরণ দিয়ে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে একটি মাদ্রাসার ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী ইনানী সৈকতে গোসল করতে নামে। এ সময় সাগরের তীব্র ঢেউয়ের তোড়ে তারা ভেসে যেতে থাকে। তাৎক্ষণিক তৎপরতায় আমরা ১৫ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও শান্ত নিখোঁজ ছিল।

তিনি আরও জানান, খবর পেয়ে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা সাগরে উদ্ধার অভিযান শুরু করে সাড়ে ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় শান্তর নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ বলেন, পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

উল্লেখ্য, কক্সবাজার সাগরে ডুবে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। এর আগে গত ১৪ অক্টোবর হিমছড়ির পেঁচার দ্বীপ সৈকতে গোসল করতে নেমে পাঁচ পর্যটক নিখোঁজ হন। ওই দিন বিকেলে তিনজনের এবং পরদিন আরও দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও বিচকর্মীরা। স্থানীয় প্রশাসন ও বিচকর্মীদের দেওয়া তথ্যমতে, শান্তর মৃত্যুসহ চলতি বছর কক্সবাজারের সাগরে ডুবে মোট ১৫ জনের প্রাণহানি ঘটল।