ব্রাহ্মণবাড়িয়ায় মাদক চোরাচালান, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, অবৈধ অস্ত্র ও সাইবার অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন নবাগত পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম সেবা।বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্বারোপ করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি জেলা। এ জেলায় অনেক গুণী মানুষের বসবাস। তবে বর্তমান প্রেক্ষাপটে কিশোর গ্যাং, মাদকাসক্তি, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ, গোষ্ঠীগত দাঙ্গাসহ নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে পুলিশ কাজ করছে। কিশোর গ্যাংয়ের ব্যাপারটা নিয়ে আমি আগামী সপ্তাহে বসবো। আমাদের অনেক জায়গায় কিশোর গ্যাং হয়, আমরা চেষ্টা করবো যে সবাইকে নিয়ে, সাংবাদিকদেরকে নিয়ে, আসলে সঠিকভাবে কিশোর গ্যাং যেটা বুঝায় সেটি নির্মূল করার জন্য।

শহরের যানজট নিয়ে তিনি বলেন, যানজট খুবই অবাক লেগেছে। ব্রাহ্মণবাড়িয়া এরকম একটা ঐতিহ্যবাহী শহর আমি এক্সপেক্ট করিনি প্রধান সড়কটা এইটা হবে। এই সড়কটা যদি তিন গুণ বড় হতো তাহলে ঠিক ছিল। যানজট একটা বড় প্রবলেম, মোটরসাইকেল, বিভিন্ন অটো এই যে ইস্যুগুলো আছে, এটা আসলে একটা ডিফিকাল্ট। আমরা মোটরসাইকেল নিয়ে অভিযান শুরু করবো যাতে রেজিষ্ট্রেশন ছাড়া কেউ মোটরসাইকেল না চালায় সেদিকে উৎসাহিত করবো।

মাদকের বিষয়ে পুলিশ সুপার বলেন, মাদক যেটা আছে, আঙুল তুলবো না। মাদকের প্রবলেমটা আসলে সবার। বর্তমানে সারা দেশে আসলে মাদক সয়লাব। যারা মাদক সম্রাট আছেন, মাফিয়া লিডার আছেন, তাদেরকে আমরা ধরতে পারি। সেটার জন্য আমরা কাজ করছি। মতবিনিময় সভায় সাংবাদিকরা আইনশৃঙ্খলা সংক্রান্ত জেলার সার্বিক অবস্থা তুলে ধরেন।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম রকীব উর রেজা, অতিরিক্ত পুুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মোঃ গাওছাল আজম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। ক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, সাংবাদিক মোঃ আরজু, মনজুরুল আলম, শেখ সহিদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ আকরাম, আবদুন নূর, আল-আমীন শাহীন, মফিজুর রহমান লিমন, মোঃ শাহাজাদা, উজ্জ্বল চক্রবর্তী, নজরুল ইসলাম ভ‚ইয়া, বিশ্বজিৎ পাল বাবু, শাহাদৎ হোসেন, আশেক মান্নান হিমেল, আবুল হাসনাত রাফি, আজিজুল আলম সঞ্চয়, মোজাম্মেল হক প্রমুখ। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।