আড্ডায় কথা-কাটাকাটি, এরপর খেলনা পিস্তল বের করে ভয় দেখানোর চেষ্টা। স্থানীয়দের ঘেরাওয়ের মুখে পুলিশি অভিযান, আর সেখান থেকে মোবাইল ফোনে অনলাইন জুয়া পরিচালনার সংশ্লিষ্টতা শনাক্তের দাবি। মেহেরপুরের বারাদী বাজারে এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে এমন চিত্র। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি আইফোন ১৭ প্রো ম্যাক্সসহ পাঁচটি ডিভাইস ও একটি মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড জব্দ করা হয়েছে। পরে সোমবার সন্ধ্যায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের মো. আবু সাইদের ছেলে সাব্বির আহমেদ (২২) এবং পিরোজপুর গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে মো. মাফুজুর রহমান ওরফে শিপন (২৬)। সাব্বিরের মায়ের নাম সাবিনা খাতুন এবং শিপনের মায়ের নাম মোছা. মনোয়ারা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে বারাদী বাজারে আড্ডা দেওয়ার সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ওই দুই যুবক খেলনা পিস্তল বের করে প্রতিপক্ষকে ভয় দেখানোর চেষ্টা করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন তাঁদের ঘিরে রাখেন এবং বারাদী পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তলটি উদ্ধার করে। পরীক্ষা-নিরীক্ষায় সেটি আসল আগ্নেয়াস্ত্র নয়, খেলনা পিস্তল বলে জানা যায়।
ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সেখানে যান। পরে দুই যুবকের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়া পরিচালনার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করে পুলিশ। তাঁদের বারাদী বাজারের বারাদী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে জান্নাত এন্টারপ্রাইজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চারটি স্মার্টফোন ও একটি ব্যাংক কার্ড জব্দ করা হয়। ফোনগুলোর মধ্যে রয়েছে রুপালি রঙের একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স, কমলা রঙের আরেকটি আইফোন ১৭ প্রো ম্যাক্স, সাদা রঙের একটি অপো এ১৫এস এবং গ্লোয়িং গ্রিন রঙের একটি অপো এ৫৭। এ ছাড়া ‘SABBIR AHAMED’ নাম লেখা ডাচ্-বাংলা ব্যাংকের একটি মাল্টি কারেন্সি ভিসা ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।
পরে জব্দ করা পাঁচটি স্মার্টফোনের ফরেনসিক পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা রুপালি ও কমলা রঙের আইফোন ১৭ প্রো-ম্যাক্সের প্রতিটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা। সাদা রঙের অপো এ১৫এসের মূল্য প্রায় ১৩ হাজার টাকা এবং গ্লোয়িং গ্রিন রঙের অপো এ৫৭ এর মূল্য প্রায় ১৭ হাজার টাকা। সে হিসাবে চারটি স্মার্টফোনের আনুমানিক মোট মূল্য চার লাখ ৩০ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর) বিকালে এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মেহেরপুর সদর থানাতে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার সানা প্রতিবেদক কে বলেন, ‘খেলনা পিস্তল দিয়ে ভয় দেখানোর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুই যুবকের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য প্রমান পাওয়া যায়। পরবর্তীতে জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অনলাইন জুয়ার কার্যক্রমের সঙ্গে তাঁদের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’