রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে ভোরে গ্রেপ্তার, এরপর আদালতে জামিন আবেদন নাকচ আর এক দিন সন্ধ্যায় কারাগারে যেতে হলো মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানকে।

সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় রোববার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

জামিন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাঁর জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রোববার ভোর ৬টার দিকে ধানমন্ডির নিজ বাসা থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাঁকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মাসুদুর রহমান। তিনি আব্দুল মান্নানকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে, সাবেক এই সংসদ সদস্যের পক্ষে অ্যাডভোকেট আল ইমরান মুকুল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে শুনানির সময় আব্দুল মান্নানকে এজলাসে তোলা হয়নি।

মামলার এজাহারের বিবরণে বলা হয়েছে, গত ১৮ জুন সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালানোর অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদুল হক মামলা করেন। সন্ত্রাসবিরোধী আইনে করা ওই মামলায় আব্দুল মান্নানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে জামিন না দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।