বাংলাদেশ এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা ইউনিটের উদ্যোগে পুনর্মিলনী উপলক্ষে মঙ্গলবার রাত ৮টায় পৌর মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি শাহজাদী হাবিবা পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, কোষাধ্যক্ষ আহাদ বাবু, প্রচার সম্পাদক জামিউর আলম জুয়েল, মহিলা সম্পাদক ফাতেমা বেগম, সদস্য শফিউল ইসলাম, নাহিদ হাসান রিয়াদ, রাসেল মিয়া, মো. আসাদুল্লাহ, জীবেশ চন্দ্র পাল প্রমুখ।

বক্তারা বলেন, ক্যাডেট লাইফের সেই সোনালী দিনগুলো আমরা কেউ ভুলে যাইনি। পিটি-প্যারেডের সেই কঠোর শৃঙ্খলা, ক্যাম্পের দিনগুলোর পারস্পরিক সহযোগিতা, আর “সেবা ও শৃঙ্খলা”র যে মূলমন্ত্র বুকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম—তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক অনন্য শক্তি হিসেবে কাজ করছে। আমরা আজ সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হতে পারি, কিন্তু দিনশেষে আমাদের সবচেয়ে বড় একটি পরিচয়—আমরা এক্স-ক্যাডেট।

দীর্ঘদিন পর আমরা গাইবান্ধা জেলা ইউনিটের সকল এক্স-ক্যাডেটদের এক সুতোয় বাঁধার জন্য এই পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি। এই পুনর্মিলনী কেবল এক বেলার খাওয়া-দাওয়া বা নিছক আড্ডা নয়; এটি আমাদের হারানো দিনগুলোকে ফিরে পাওয়ার উৎসব। এটি আমাদের পুরনো বন্ধুদের সাথে পুনর্যোগাযোগের এবং নতুন প্রজন্মের ক্যাডেটদের সাথে একাত্ম হওয়ার একটি মহতী সেতু।