জামালপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। সোমবার (১২ অক্টোবর) বিকেলে ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া খালেরপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জামালপুর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-১-এর একটি দল অভিযান পরিচালনা করে। ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া খালেরপাড়ে স্থানীয় অনুশেখের মনোহারি দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে আব্দুর রশিদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুর রশিদ ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের উজানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় ইসলামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

প্রতিবেদন: লিয়াকত হোসাইন লায়ন