জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ঢাকার উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির জেলা শাখা। বুধবার বিকেলে আয়োজিত কর্মসূচি থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
শহরের কাঠপট্টিতে জাতীয় পার্টির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশীদ সরকার, জেলা শাখার সভাপতি সরোয়ার হোসেন শাহীনসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল থেকে হামলার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দেওয়া হয়।
পরে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন। তিনি বলেন, ষড়যন্ত্র বা হামলা চালিয়ে মানুষের মন থেকে জাতীয় পার্টিকে মুছে ফেলা যাবে না। তাঁর দাবি, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতীয় পার্টির শাসনামলের ভূমিকা রয়েছে।
জি এম কাদেরের বাসভবনে হামলার নিন্দা জানিয়ে সরোয়ার হোসেন শাহীন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এর আগে ১২ অক্টোবর সোমবার সকালে ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরে জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একদল ব্যক্তি বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং জানালার কাচ ভেঙে যায়। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছিল।