মাহবুবুজ্জামান সেতু,স্টাফ রিপোর্টার:নওগাঁর মান্দায় বিরোধপূর্ণ জমিতে রাখা খড়ের পালা থেকে বাছুরের খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ভাই আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ১২ নম্বর কাঁশোপাড়া ইউনিয়নের তুলসিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। আহতরা হলেন নিহতের ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, তুলসিরামপুর গ্রামে বিরোধপূর্ণ একটি জমিতে রাখা খড়ের পালা থেকে বাছুরের খড় খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম নিহত হন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হন বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ইব্রাহীমের স্ত্রী ইরজান ওরফে ফরিদা বিবিকে আটক করেছে পুলিশ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইরজান ওরফে ফরিদা বিবি নামে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।’