ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাস্থ্যসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ও অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার সকালে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সী মানুষ ৫০ জন চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের শারীরিক বিভিন্ন সমস্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয় এবং স্বাস্থ্য সচেতনতার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ক্যাম্পে রোগী দেখেন ডা. এস এম সরওয়ার জাহান সরকার। সকাল থেকে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্যাম্পে এসে চিকিৎসাসেবা গ্রহণ করতে উপস্থিত হন। এ সময় ফ্রি ব্লাড গ্রুপিং, ডায়াবেটিকস পরীক্ষা, ওজন ও রক্তাচাপ মাপার আয়োজন করা হয়।

চিকিৎসাসেবা নিতে আসা ৬০ বছর বয়সি রোকেয়া বেগম বলেন, ‘হাতের কাছে অভিজ্ঞ চিকিৎসকের সেবা পেয়েছি। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। এখানে খুব সুন্দরভাবে চিকিৎসকের পরামর্শ পেয়েছি। ডাক্তার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বেশ সময় নিয়ে কথা শুনেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এমন আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

আয়োজকদের মধ্যে স্বাস্থ্যসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দিব্যজিৎ পাল বলেন, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন। বিশেষ করে যারা নানা কারণে চিকিৎসকের কাছে সহজে যেতে পারেন না, তাদের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

চিকিৎসক ডা. এস এম সরওয়ার জাহান সরকার বলেন, ‘স্বাস্থ্যসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা শুনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সুযোগ হয়েছে। কোনো পরামর্শ ফি ছাড়াই এ আয়োজন করা হয়। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সমাজিক অন্যান্য কর্মকান্ডও অব্যাহত থাকবে।