ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০টন ভারতীয় জিরাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ দল। এ সময় জিরা বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর এলাকা থেকে বিপুল পরিমান এই জিরাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গনমাধ্যম কর্মীদের কাছে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে একটি ট্রাক সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ট্রাকটির গতিবিধি সন্দেহ হলে ট্রাকটিকে শাহবাজপুর এলাকায় থামার জন্য সংকেত দেয় বিজিবি ও র্যাবের যৌথ দল। ট্রাকটি থামলে বিজিবি ও র্যাবের টহল দলের সদস্যরা ট্রাকটিতে বহন করা জিরার কাগজপত্র দেখাতে বললে ট্রাকে থাকা ব্যক্তিরা জিরার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে ১০টন জিরাসহ ট্রাকটিকে আটক ও ট্রাকে থাকা ৩জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লক্ষীপুর গ্রামের মোঃ এম.ফয়সাল আবীর, রাজশাহী জেলার এয়ারপোর্ট থানার বাঘহাটি গ্রামের মোঃ আজিজুল হাকিম, এবং একই এলাকার মোঃ হাবিবুর রহমান।
বিজিবি জানায়, আটককৃত ট্রাকসহ জিরার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ঢাকা যাওয়ার সময় শাহবাজপুর এলাকায় একটি ট্রাক তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবি ও র্যাবের যৌথ টহলদল ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কাগজপত্র দিতে বলেন। বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় ট্রাকসহ জিরা জব্দ করা হয়। জিরা ও জব্দ করা ট্রাকের মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
