নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর উপজেলার ফান্দা নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান প্রবেশের খবর পায় বিজিবি। এর ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের বারমারী বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি টহল দল সীমান্তে নজরদারি জোরদার করে।

মাদকের চালান আটকের লক্ষ্যে টহল দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬২/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়।

একপর্যায়ে দুর্গাপুর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ফান্দা এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে আনা ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

৩১ বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ভারতীয় মদ এবং জব্দ করা ইজিবাইক ও বাইসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।