ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজারে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে ক্রেতাদের কম দেওয়ার অভিযোগে এক মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আনন্দবাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে আপেল মাহমুদ নামে ওই মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, আনন্দবাজারের পাইকারি ও খুচরা মাছের আড়তে অভিযানকালে আপেল মাহমুদের ওজন পরিমাপক যন্ত্রে বিশেষ কৌশলে কারচুপির বিষয়টি ধরা পড়ে। যন্ত্রটির ভেতরে একটি রাবার ও রশি সংযুক্ত করে এর অপর প্রান্ত গামছার আড়ালে বিক্রেতার হাতের কাছে রাখা হয়েছিল। রশিটি টান বা ঢিল করার মাধ্যমে বিক্রেতা ইচ্ছামতো ওজন কম-বেশি করতে পারতেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে মাছ বিক্রেতা আপেল মাহমুদ তার দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কারচুপি করবেন না বলে তিনি অঙ্গীকার করেন।

ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।