শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কাটাবাড়ী সীমান্তের একটি স্থানে সন্দেহজনকভাবে পড়ে থাকা মালামালের সন্ধান পান বিজিবির সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ভারতীয় মদের বোতলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধেও নজরদারি বাড়ানো হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অবস্থান রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে।