শেরপুরের নকলা উপজেলায় সারের বাজার ও ডিলারদের বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সার ব্যবস্থাপনা ও কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিভিন্ন সার ডিলারের বিক্রয় কার্যক্রম ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপপরিচালক। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং প্রতিটি বিক্রয়ের বিপরীতে কৃষকদের যথাযথ বিক্রয় রশিদ দেওয়ার জন্য ডিলারদের নির্দেশনা দেন তিনি।
কৃষকদের উদ্দেশে মো. সাখাওয়াত হোসেন বলেন, চলতি মাসে নকলা উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। ফলে সার নিয়ে কৃষকদের হতাশ বা আতঙ্কিত হওয়ার কারণ নেই। সার ব্যবস্থাপনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার পাশাপাশি ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো ডিলার সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করতে পারবেন না। কৃষকদের কাছে সার বিক্রির সময় অবশ্যই বিক্রয় রশিদ দিতে হবে।
পরিদর্শনের সময় নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে ডিলারদের বিক্রয় কার্যক্রমও মনিটরিং করা হচ্ছে, যাতে নির্ধারিত মূল্যে কৃষকেরা প্রয়োজনীয় সার পেতে পারেন।