শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত বস্ত্র বিতরণ করেন এবং নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
সোমবার (২০ অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার আয়োজন, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদ্যাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় তাঁর সহধর্মিণী সেনওয়া চৌধুরী, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দুর্গোৎসব উদ্যাপনে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।