‘জয় বাবা লোকনাথ’ মন্ত্রে মুখরিত হয়ে নেত্রকোনার দুর্গাপুরে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন লোকনাথ মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়।
আবির্ভাব দিবস উপলক্ষে বিভিন্ন মন্দিরে ভক্তদের সমাগম, পূজা-অর্চনা, প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী ভক্ত ও অনুরাগীরা মন্দিরে সমবেত হয়ে লোকনাথ ব্রহ্মচারীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দুর্গাপুর পৌর শহরের মোক্তারপাড়া এলাকার শান্ত দের বাড়িতেও দিবসটি উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ভক্ত ও অনুরাগীরা অংশ নিয়ে পূজা-অর্চনা ও প্রার্থনায় অংশ নেন। এ সময় ওই এলাকায় সৃষ্টি হয় ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ।
অনুষ্ঠানে অংশ নেওয়া ভক্তদের অনেকে বলেন, লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ ও বাণী মানুষকে আত্মশুদ্ধি, মানবসেবা, সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে। তাঁদের মতে, আবির্ভাব দিবস ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি ভক্তদের পারস্পরিক সম্প্রীতি ও মানবকল্যাণের প্রত্যাশারও একটি উপলক্ষ।
দিনব্যাপী বিভিন্ন আয়োজনে ভক্তরা শান্তি, মানবকল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।