লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সোহেল হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ছয়টি বসতঘরের ২৪টি কক্ষ ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোরে সোহেল হোসেন নামে এক যুবক নিজের ঘরসহ আশপাশের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশাপাশি থাকা বসতঘরগুলোতে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ছয়টি বসতঘরের ২৪টি কক্ষ পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামালও পুড়ে গেছে।
এদিকে আগুন লাগানোর অভিযোগে স্থানীয়রা সোহেলকে আটক করে মারধর করেন বলে জানা গেছে। পরে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সোহেল হোসেন সোনাপুর এলাকার মৃত মো. রফিকের ছেলে। পুলিশ তাকে মাদকসেবী হিসেবে শনাক্ত করার কথা জানিয়েছে। তবে তিনি কী কারণে নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রায়পুর ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার লিডার সৈয়দ আহম্মদ বলেন, আগুনে মালামালসহ ছয়টি বসতঘরের ২৪টি কক্ষ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে রায়পুরের দুটি ও লক্ষ্মীপুরের একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সোহেল নামে এক যুবক ঘরগুলোতে আগুন দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে কথা বলা সম্ভব হলে আগুন লাগানোর কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, ঘটনাটি দুঃখজনক। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।